ইউরোপজুড়ে যখন অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ছে, তখন স্পেন এক ভিন্ন পথ বেছে নিয়েছে। অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বৈধতার আওতায় আনতে দেশটি একটি সাধারণ ক্ষমা কর্মসূচি চালু করেছে, যা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কর্মসূচিটি ২০২৬ সালের জানুয়ারিতে ঘোষণা করা হয় এবং এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। আবেদন গ্রহণ শুরু হয়েছে এপ্রিল থেকে জুন ২০২৬ পর্যন্ত সীমিত সময়ের জন্য, অর্থাৎ মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে প্রায় ৬০ হাজার জন অনলাইনে আবেদন জমা দিয়েছেন। তবে সরকারের ঘোষণা অনুযায়ী প্রায় ৫ লাখ অভিবাসী এই সুবিধার আওতায় আসতে পারে। স্পেনের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক ফুন-কাসের অনুমান অনুযায়ী, বাস্তবে এই সংখ্যা ৮ লাখেরও বেশি হতে পারে। এই বিপুলসংখ্যক আবেদন স্বল্প সময়ের মধ্যে প্রক্রিয়াকরণ নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশি অভিবাসীদের অভিজ্ঞতা : সুযোগের সঙ্গে বাড়ছে ভোগান্তি। এই কর্মসূচি ঘিরে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে আশা তৈরি হলেও বাস্তব অভিজ্ঞতা বলছে ভিন্ন চিত্র। বৈধতার এই সুযোগের ভেতরেই লুকিয়ে আছে প্রশাসনিক জটিলতা, সময়ের চাপ এবং বিভিন্ন ধরনের অনিয়ম। দালালচক্রের দৌরাত্ম্য ও পুলিশ ক্লিয়ারেন্স সংকট নিয়মিতকরণ প্রক্রিয়ায় পুলিশ ক্লিয়ারেন্স একটি গুরুত্বপূর্ণ নথি। কিন্তু এই পর্যায়ে দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কিছু দালাল ২০০ থেকে ২২০ ইউরো পর্যন্ত অর্থ নিচ্ছে। টাকা পরিশোধের পরও অনেক আবেদনকারী সময়মতো পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছেন না। ফলে পুরো আবেদনপ্রক্রিয়া ঝুঁকির মধ্যে পড়ছে। এই পরিস্থিতি একদিকে আর্থিক চাপ তৈরি করছে, অন্যদিকে মানসিক উদ্বেগও বাড়াচ্ছে। সময়মতো কাগজ না পেলে অনেকেই পুরো সুযোগ হারানোর শঙ্কায় রয়েছেন। পাসপোর্ট জটিলতা ও দূতাবাস সেবার ধীরগতি পাসপোর্ট নবায়ন ও পুনঃইস্যুর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক আবেদনকারী অভিযোগ করছেন, বাংলাদেশ দূতাবাসের সেবা সময়মতো পাওয়া যাচ্ছে না। পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র দেরিতে পাওয়ার কারণে আবেদনপ্রক্রিয়া সরাসরি ঝুঁকিতে পড়ছে। স্থানীয় দূতাবাসের কার্যকর উদ্যোগ থাকলে পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট-সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব হতো বলে অভিবাসীদের দাবি। সামাজিক সংযুক্তির সনদ পেতে দেরি নিয়মিতকরণ প্রক্রিয়ায় সামাজিক সংযুক্তির সনদ বা ইনফর্মে দে ইনসেরসিওন সোশিয়াল, অর্থাৎ সমাজে একীভূত হওয়ার প্রমাণপত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কিন্তু অতিরিক্ত আবেদনকারীর কারণে এই সনদ পেতেও দীর্ঘ সময় লাগছে। ফলে অনেক আবেদনকারী শেষ ধাপে এসে আটকে যাচ্ছেন।
সমন্বয় ঘাটতি ও সময়ের চাপ অনেক অভিবাসীর অভিযোগ, পুরো প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো প্রস্তুত না হলে নিয়মিত হওয়ার সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। একজন আবেদনকারী সিলেটের শহীদ নামের অভিবাসী বলেন, সব কাগজ সময়মতো প্রস্তুত করতে না পারলে নিয়মিত হওয়ার সুযোগ হারাতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি সমন্বিতভাবে কাজ করত, তাহলে সমস্যাগুলো অনেক কমে যেত।
অন্যদিকে যাদের কাজের কন্ট্রাক্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রয়েছে, তারা ইমিগ্রেশন ল’ইয়ারের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করছেন, যেখানে প্রায় ১৯৯ ইউরো পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। অন্যদিকে যাদের কাজ নেই, তাদের ক্ষেত্রে বেকারত্বের সনদ সার্তিফিকাদো দে সিতুয়াসিওন দে দেসেমপ্লেও (সেপে) জমা দিতে হচ্ছে, যা সংগ্রহ করাও সময়সাপেক্ষ হয়ে পড়ছে। বাসস্থান সংকট নতুন চাপ তৈরি করেছে স্পেনের বড় শহরগুলো। যেমন মাদ্রিদ এবং বার্সেলোনায় বাসস্থান সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। নতুন এবং নিয়মিত হওয়ার অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য ভাড়া বাসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে অস্থায়ী আশ্রয়, পার্ক বা স্টেশন এলাকায় অবস্থান করছেন, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। সুযোগ বনাম বাস্তবতা এই সাধারণ ক্ষমা কর্মসূচি অভিবাসীদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে বাস্তবতা বলছে, এই সুযোগের পাশাপাশি রয়েছে বড় কিছু কাঠামোগত সমস্যা। প্রশাসনিক সক্ষমতার সীমাবদ্ধতা, সময়সীমার চাপ, দালালচক্রের দৌরাত্ম্য, কাগজপত্র সংগ্রহের জটিলতা এবং দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সমন্বয় ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করছে।
স্পেনের এই উদ্যোগ ইউরোপীয় অভিবাসন নীতিতে একটি ব্যতিক্রমী ও মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মাঠপর্যায়ের বাস্তবতা দেখাচ্ছে, নীতিগত ইতিবাচকতার পরও এর বাস্তবায়ন বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে।