ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বড় প্রতিভা এবং চেলসি তারকা এস্তেভাও তার ডান উরুর গুরুতর চোটের চিকিৎসার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ইংল্যান্ড থেকে স্বদেশে ফিরে যাচ্ছেন। উরুর মাংসপেশি প্রায় পুরোটাই ছিঁড়ে গেলেও বিশ্বকাপের ঠিক আগে তিনি অস্ত্রোপচার না করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শনিবার ১৯ বছরে পা দিতে যাওয়া এই ফুটবলার বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত। এই কঠিন সময়ে তিনি নিজের পরিবারের কাছাকাছি থাকতে চান। তার প্রতিনিধিরা ইতিমধ্যে চেলসি কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে ব্রাজিলে গিয়ে চিকিৎসা করার অনুমতি আদায় করেছেন। লন্ডনের ক্লাবটি এই শর্তে রাজি হয়েছে যে, তার চিকিৎসার প্রতিটি ধাপ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
চিকিৎসকদের মতে, উরুর এই ধরনের চোটে সাধারণত অস্ত্রোপচারই স্থায়ী সমাধান। তবে অস্ত্রোপচার করলে এস্তেভাওর বিশ্বকাপ খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যেত। হাতে সময় খুব কম থাকায় তিনি ঝুঁকি নিয়ে হলেও রিহ্যাবিলিটেশন বা দীর্ঘমেয়াদি থেরাপির মাধ্যমে সুস্থ হওয়ার চেষ্টা করবেন। যদিও এই পদ্ধতিতে দ্রুত মাঠে ফেরা অনিশ্চিত, তবুও এস্তেভাও তার বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ হতে দিতে চান না।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ইতিমধ্যে পুরো বিষয়টি তদারকি করছে। তবে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আর এক মাসও বাকি নেই। আগামী ১৮ মে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করার কথা রয়েছে। সিবিএফের মেডিকেল টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও, সেই সময়ের মধ্যে এস্তেভাও ফিট হতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।