মালয়েশিয়া আন্তর্জাতিক মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। ফাইনালে শক্তিশালী মালয়েশিয়া জাতীয় নারী দলের কাছে মাত্র এক রানের ব্যবধানে ১৪-১৫ রানে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আন্তর্জাতিক বড় কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েই রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে দলটি। একই সঙ্গে বাংলাদেশের আয়শা আক্তার নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা পিচার।
১২ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের বিভিন্ন ক্লাব ও জাতীয় দল অংশ নেয়। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। গ্রুপ পর্বেই নিজেদের সামর্থ্যরে জানান দেয় বাংলাদেশ। শক্তিশালী মালয়েশিয়া জাতীয় দলকে ১০-৯ রানে হারিয়ে চমক সৃষ্টি করে তারা। এরপর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ফাইনালেও শুরু থেকে শেষ পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে সমানে সমান লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শেষ পর্যন্ত প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষ হাসি হাসে স্বাগতিকরা। ম্যানেজার জাকির হোসেন ও কোচ রনি আহমেদের নেতৃত্বে পুরো টুর্নামেন্টে দলীয় সমন্বয়, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। প্রথম আন্তর্জাতিক আসরেই রানার্সআপ হওয়া এবং আয়শা আক্তারের টুর্নামেন্ট-সেরা পিচার নির্বাচিত হওয়া নারী বেসবলের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।