কামরাঙ্গীরচরে ইয়াকুব হত্যা প্রেমের বিরোধে

কামরাঙ্গীরচরে ম্যাটাডোর কোম্পানির কর্মচারী মো. ইয়াকুব আলী হত্যার ঘটনায় সাব্বির (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প্রেমঘটিত বিরোধ থেকে ইয়াকুবকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এদিকে বৃহস্পতিবার বিকেলে বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহতের ঘটনায় মামলা করেছে পরিবার। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ছাড়া একই দিন গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধারের ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে পুুলিশ। এ ছাড়া বৃহস্পতিবার লালবাগ থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনাকে ‘অতিরিক্ত গরমে স্ট্রোকে মৃত্যু’ বলে নিশ্চিত করেছে লালবাগ থানা পুলিশ।

মো. ইয়াকুব আলী হত্যায় গ্রেপ্তার সাব্বিরকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, সাব্বির ভিকটিমের সহকর্মী। তারা কালু নগর এলাকায় মধু সিটির পেছনে ম্যাটাডোর কোম্পানির শ্রমিকদের টিনশেড একটি রুমে একসঙ্গে থাকতেন। ফেসবুকে এক তরুণীর সঙ্গে তাদের দুজনেরই প্রেম ছিল। ওই তরুণীর ছবি ইয়াকুবের ফোনে দেখার পর ক্ষুব্ধ হয় সাব্বির। একপর্যায়ে ইয়াকুব বাথরুমে গেলে সেখানে ঢুকে তার গলায় ধারালো ব্লেড দিয়ে গুরুতর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাব্বির।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক বলেন, জিজ্ঞাসাবাদে সাব্বির স্বীকার করেছে, সে একাই হত্যাকা- ঘটিয়েছে। তার দেওয়া তথ্যে বাথরুম থেকে হত্যায় ব্যবহƒত ম্যাটাডোর ব্লেড ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, একটি ফেসবুক আইডি থেকে দুজনের সঙ্গেই এক তরুণীর ভার্চুয়াল প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে ওই আইডি থেকে পাওয়া তরুণীর ছবি একে অপরের ফোনে দেখে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ধারণা করা হচ্ছে, ওই আইডিটি ফেক। তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।

এদিকে বৃহস্পতিবার গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে উল্লেখ করে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন, হোটেল থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিয়া অভিমানী ও জেদি। বাবা-মায়ের অমতে নিজের পছন্দে বিয়ে করেছিলেন তিনি। স্বামী তাকে সময় দিতেন না। এ নিয়ে তানিয়া প্রায় সময়ই ডিপ্রেশনে ভুগতেন। হোটেলে বিভিন্ন ধরনের ওষুধও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তানিয়া আত্মহত্যা করেছেন বা মাত্রাঅতিরিক্ত ওষুধ খাওয়ায় হার্ট অ্যাটাকও হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে লালবাগের আজিমপুর এতিমখানা এলাকা থেকে মো. এনামুল হকের (৩৬) লাশ উদ্ধারের ঘটনায় গতকাল শুক্রবার লালবাগ থানার ওসি ইয়াসিন বলেন, এনামুল অসুস্থ ছিলেন। ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় অতিরিক্ত গরমে স্ট্রোক করে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি।

এ ছাড়া বনানী এলাকার সেতু ভবনের সামনে ভূইয়া পরিবহনের বাসের চাপায় সিটি করপোরেশনের দুই শ্রমিক নিহতের ঘটনায় গতকাল রাত ৮টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বনানী থানার ওসি ফরিদ বলেন, দুই শ্রমিক নিহতের ঘটনায় একজনের পরিবার বাদী হয়ে মামলা করেছেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।