জাবিতে ৪ দিনের নাট্য উৎসব শুরু ২৮ এপ্রিল

‘মানুষ বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে’ এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপী ‘নাট্য উৎসব ২০২৬’। আগামী ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টানা চার দিন চলবে এই নাট্য উৎসব। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক মঞ্চায়িত হবে।    

উৎসবের সূচি অনুযায়ী, প্রথম দিনে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজিত ‘রংমহল’। দ্বিতীয় দিনে থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত ‘অশ্বথামা’। তৃতীয় দিন ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী আয়োজন ‘মধ্যরাতের কবিতা ও গান’। চতুর্থ ও শেষ দিন আগামী ১ মে জহির রায়হান মিলনায়তনের ৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান।

এ বছর জাহাঙ্গীরনগর থিয়েটার পদক-২০২৬ (নাট্য ব্যক্তিত্ব) পাচ্ছেন দিলারা জামান। শিক্ষা ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাচ্ছেন অরুণ কুমার বসাক। এ ছাড়া আলোক কুমার রায় পদক-২০২৬ গ্রহণ করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও থিয়েটারকর্মী মহিসিনা আক্তার।