ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাত করে আবুল কালাম (৫০) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর কাছ থেকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইচক্রের সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত আবুল কালামের ছেলে মো. আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তার বাবা বাসায় ফিরছিলেন। পথে ওঁৎপেতে থাকা তিনি-চারজন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন এবং সঙ্গে থাকা দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায়-পুলিশকে জানানো হয়েছে।