চবিতে অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ চলবে না। এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে গিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’  তিনি স্থিতিশীল মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি সহনশীল, সংবেদনশীল, মানবিক ও স্থিতিশীল একটি দেশ গঠন করবে। কেননা এই চারটি গুণ না থাকলে একটা দেশ এগিয়ে যেতে পারে না।’ তিনি বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে, যাদের প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক পরিচয় নেই। আইনের বাইরে যাওয়ার সুযোগ কারও নেই।’ ক্যাম্পাসে মন্দির স্থাপন ভিন্নধর্মী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এটি দেশের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন।’