২১ জেলায় মৃদু তাপপ্রবাহ, আজও থাকতে পারে

ঢাকাসহ দেশের ২১ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। আজ শনিবারও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। আজ সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়Ñ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান, পটুয়াখালী জেলা এবং খুলনা বিভাগের ১০  জেলাসহ ২১টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলেছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। তাতে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এতে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় (গতকাল থেকে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।