লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় শুক্রবার (২৪ এপ্রিল) ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মাঝে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এই হামলা অব্যাহত রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, '২৪ এপ্রিল দক্ষিণ লেবাননে ইসরায়েলি শত্রুর হামলায় ছয়জন নাগরিক শহীদ হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।' বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে দুইজন ওয়াদি আল-হুজাইর এলাকায়, দুইজন তুলিনে এবং একজন করে স্রিফা ও ইয়াতার অঞ্চলে নিহত হন।
এদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল জানিয়েছে, তাদের এক ইন্দোনেশিয়ান সৈন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৯ মার্চ তার ঘাঁটিতে হামলায় তিনি আহত হন। ওই হামলায় আরেকজন সৈন্য আহত হয়েছিল। জাতিসংঘের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ওই সৈন্যটি ইসরায়েলি ট্যাংকের শেলের আঘাতে নিহত হন।
অন্যদিকে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিনত জবাইল শহরে হিজবুল্লার ছয়জন যোদ্ধাকে হত্যা করেছে। শহরটি ইসরায়েলি বাহিনী ও ইরান-সমর্থিত এই গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াইয়ের কেন্দ্র ছিল, যা চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতির আগে তীব্র আকার ধারণ করে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে মোট ২,৪৯১ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।