ভোলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলা সদরের পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকা ও দিগলদীর ঘুইংগার হাট এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন একই উপজেলার চরনোয়াবাদ গ্রামের বাসিন্দা মো. রিপন (৪৩) ও উত্তর দিগলদী এলাকার বাসিন্দা মো. রাজিব হোসেন (২৬)।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা কোস্ট গার্ড। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মো.রিপনকে আটক করা হয়। একই সময়ে উত্তর দিগলদীর ঘুইংগার হাট সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. রাজিব হোসেনকে আটক করা হয়।
আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদকসহ আটকদেরকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।