কোস্ট গার্ডের অভিযান: মনপুরায় স্বপন বাহিনীর দুই সহযোগী আটক

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ডাকাত দল ‘স্বপন বাহিনী’র দুই সহযোগীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডাকাত দল ‘স্বপন বাহিনী’র কয়েকজন সহযোগী ডাকাতির উদ্দেশে কাজিরচর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে নূর উদ্দিন রুবেল (৩৫) ও মো. বাচ্চু মিয়া (২৫) নামে দুইজনকে আটক করা হয়।

আটক নূর উদ্দিন রুবেল মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের কাজিরচর এলাকার বাসিন্দা। অপর আটক মো. বাচ্চু মিয়া একই এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মো. আজহার উদ্দিন ব্যাপারী।

কোস্ট গার্ডের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রমে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে।

আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত