ভেনেজুয়েলা সফরে পেত্রো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে দেশটি সফরে গেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গত শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় দুই দেশের সীমান্ত এলাকায় ‘অপরাধ চক্র’ দমনে পরস্পরকে সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হন। এরপর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রদ্রিগেজ। পেত্রো বলেন, কোকেন পাচার, অবৈধ সোনা, মানব পাচার ও বিরল খনিজসহ নানা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত অপরাধচক্রগুলোর হাত থেকে সীমান্তকে রক্ষা করাই এ যৌথ সামরিক উদ্যোগের লক্ষ্য।

রদ্রিগেজ বলেন, দুই দেশ শুধু সামরিক পরিকল্পনাই করছে না, বরং দ্রুত তথ্য বিনিময় ও গোয়েন্দা সহযোগিতার ব্যবস্থাও গড়ে তুলছে। গত ৩ জানুয়ারি কারাকাসে আকস্মিক অভিযান চালিয়ে সমাজতান্ত্রিক নেতা মাদুরোকে তুলে নিয়ে যায়। তাকে নিউইয়র্কের কারাগারে আটক রাখা হয়েছে। এরপরই রদ্রিগেজ ক্ষমতায় আসেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রদ্রিগেজের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে। এতে ভেনেজুয়েলার তেল খাত মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত হয়েছে। তবে পেত্রো যুক্তরাষ্ট্রের এ সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, বামপন্থি এ নেতা মাদক উৎপাদন বন্ধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না।