কর্নেল ডা. নজমুল হুদা খান (অব.) পরিচালক, মেডিকেল সার্ভিসেস
বিআরবি হাসপাতাল
আমাদের দেশ থেকে হজ পালন করতে যাচ্ছেন প্রায় নব্বই হাজার জন। হাজীদের অধিকাংশই বয়সে প্রবীণ। বয়স, অপরিচিত পরিবেশ, গরম ও শুষ্ক আবহাওয়া, খাবার-দাবার, অতিরিক্ত পরিশ্রম, কো-মরবিডিটি যেমন হার্টের সমস্যা, ডায়াবেটিস, কিডনি, লিভার, থাইরয়েড, হাঁপানি রোগ ইত্যাদি অনেককেই অসুস্থ করে তোলে। হজের সময় প্রায় ৬০% মৃত্যু ঘটে হার্টের রোগের কারণে; হাঁপানি এবং ডায়াবেটিস রোগও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে সচেতনতা, সতর্কতা ও যথাযথ প্রস্তুতি থাকলে অসুস্থতা অনেকটাই এড়িয়ে চলা সম্ভব।
হজের প্রাক্কালে করণীয়
নির্দেশিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নকরণ, মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য প্রতিষেধক টিকা গ্রহণ এবং প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
হজে রওনা হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চেক লিস্ট করে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ সামগ্রী ও প্রেসক্রিপশন সঙ্গে নিতে হবে সংক্রমণ রোগ প্রতিরোধে সঙ্গে মাস্ক নিতে পারেন।
হজকালীন করণীয়
রোদে গেলে ছাতা ব্যবহার করুন। অধিক ভিড় এড়িয়ে চলুন।
তৈলাক্ত ও বাসি খাবার পরিহার করতে হবে।
পানিশূন্যতা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি, জুস ইত্যাদি পান করুন।
পর্যাপ্ত ঘুম ও বিশ্রামে নজর দিন।
পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত কাপড় পরিবর্তন করতে হবে। যতটা সম্ভব পাতলা ও হাল্কা রঙের কাপড়চোপড় ব্যবহার করবেন।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা সামগ্রী, যেমন তোয়ালে, শেভিং টুলস, সাবান, টুথ ব্রাশ, পেস্ট, ময়েশ্চারাইজিং ক্রিম, হাল্কা রঙের ছাতা এবং সুতি ঢিলেঢালা পোশাক নিতে বিশেষ নজর রাখুন। বিমান বা বাসে দীর্ঘ সময় বসে থাকার ফলে যাতে পা ফুলে না যায়, প্রতিকারে মাঝে মধ্যে কিছু সময় দাঁড়ানো ও হাঁটাহাঁটি করুন।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা
নিয়মিত গোসল এবং পানি ও সাবান দিয়ে হাত ধৌত করুন ।
খাবারের আগে-পরে, বাথরুম ব্যবহার, হাঁচি বা কাশি দেওয়ার পর এবং বাহির থেকে আসার পর ভালো করে হাত ধুয়ে নিন।
কাশি বা হাঁচি দেওয়ার সময় টিস্যু বা রুমাল দিয়ে নাক ও মুখ ঢেকে নিন।
বাসস্থানের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন।
খাদ্যবাহিত রোগ প্রতিরোধে করণীয়
খাবার তৈরির সময়, খাবারের আগে-পরে এবং বাথরুম ব্যবহার করার পর সাবান এবং পানি দিয়ে ভালোভাবে হাত ধৌত করুন।
খাদ্য প্রস্তুত এবং পরিবেশনের জন্য ব্যবহৃত থালা-বাসন ঠিকমতো ধৌত করবেন।
ফল এবং সবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন।
চুলকাটায় সচেতনতা
রাস্তা বা বাহিরে বসা নাপিত দিয়ে চুল কাটবেন না। চুল ছাঁটা বা কাটার আগে নাপিত পানি ও সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছে কিনা খেয়াল রাখুন। ডিসপোজেবল রেজার ব্যবহারে সতর্ক থাকুন।
হার্টের রোগীদের করণীয়
প্রেসক্রিপশন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ওষুধ সঙ্গে রাখুন। ওষুধের বিবরণ সংবলিত মেডিকেল কার্ড বা ডাক্তারি রিপোর্ট সঙ্গে রাখুন। চর্বি ও লবণাক্ত খাবার
এড়িয়ে চলুন।
হাঁপানি রোগীরা যা করবেন
সঙ্গে যথেষ্ট পরিমাণ ইনহেলার রাখুন।
যেকোনো ধরনের শারীরিক পরিশ্রমের আগে; বিশেষ করে তওয়াফ ও সায়ীর সময় প্রয়োজনে ইনহেলার ব্যবহার করতে পারেন।