উন্নয়নকাজ ব্যাহত

বদলি হয়েও চেয়ার ছাড়ছেন না উপজেলা প্রকৌশলী!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিদায়ী প্রকৌশলী আরিফ হোসেনের বিরুদ্ধে বদলি হওয়া সত্ত্বেও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে। দুই সপ্তাহ আগে বদলির আদেশ হলেও নানা অজুহাতে তিনি চেয়ার আঁকড়ে ধরে রাখায় উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক দাপ্তরিক আদেশে গত ৮ এপ্রিল কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এবং ভূঞাপুর উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেনকে কালিহাতীতে বদলি করা হয়। আদেশ অনুযায়ী, মো. সানোয়ার হোসেন গত ১২ এপ্রিল নির্বাহী প্রকৌশলীর কাছে যোগদান করেন এবং আরিফ হোসেন ১৩ এপ্রিল চকরিয়ায় যোগদান দেখান। কিন্তু কাগজ-কলমে যোগদান সম্পন্ন হলেও বাস্তবে আরিফ হোসেন এখনো কালিহাতীর অফিসিয়াল দায়িত্ব ও চার্জ বুঝিয়ে দিচ্ছেন না।

অভিযোগ রয়েছে, এরই মধ্যে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা তথ্য সামনে এসেছে। চলতি অর্থবছরে কালিহাতী-পারখী সড়কের ৩০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই ‘তরফদার এন্টারপ্রাইজ’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৬২ লাখ টাকা অগ্রিম বিল প্রদান করেছেন তিনি। এ ছাড়া সুরুজ-ধলাপাড়া সড়কে কার্পেটিংয়ের কাজ শেষ হতে না হতেই ২ কিলোমিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। ফাটলগুলো বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নিম্নমানের কাজের অভিযোগ থাকা সত্ত্বেও ২০ লাখ টাকা ঘুষের বিনিময়ে ‘দাস এন্টারপ্রাইজ’কে ২ কোটি টাকা বিল পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে নতুন যোগদানকৃত প্রকৌশলী মো. সানোয়ার হোসেন জানান, তিনি যোগদান করলেও এখনো চার্জ বুঝে পাননি। ফলে দাপ্তরিক কাজ ও উন্নয়ন প্রকল্প তদারকিতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রকৌশলী (যোগদানকৃত) আরিফ হোসেন বলেন, চকরিয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাশের পদোন্নতি হওয়ায় তিনি দায়িত্ব বুঝিয়ে দিতে কিছুটা সময় নিচ্ছেন। তিনি সরে গেলেই আমি কালিহাতীর দায়িত্ব নতুন প্রকৌশলী সানোয়ার হোসেনকে বুঝিয়ে দেব। এ সময় তিনি প্রকল্পের বিল দিতে ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, কালিহাতী উপজেলা প্রকৌশলীর যোগদান নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। সামনের সপ্তাহের মধ্যে এ জটিলতা দূর হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।