রাঙ্গামাটিতে পার্বত্যমন্ত্রী

উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে সবার মাঝে

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্যাঞ্চল আর পিছিয়ে থাকবে না। প্রত্যন্ত অঞ্চলেও সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে রেইনবো নেশন ঘোষণা করেছেন, সেটা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আর এজন্য প্রান্তিক পর্যায়ে সবার মাঝে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।

গতকাল শনিবার দুপুরে রাঙ্গামাটির বরকল উপজেলায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান, কার্বারি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পার্বত্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি বরকল উপজেলার সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, ৪৫ বিজিবি বরকল জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম প্রমুখ।