রিশাদকে টেস্ট ক্রিকেটে দেখতে চান কিউই লেগি

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এবং গতি তারকা নাহিদ রানাকে নিয়ে স্তুতি ঝরল কিউই স্পিনার ইশ সোধির কণ্ঠে। বিশেষ করে রিশাদ হোসেনের উচ্চতা এবং বোলিং বৈচিত্র্য সোধিকে এতটাই মুগ্ধ করেছে যে, তাকে এই অঞ্চলের ক্রিকেটে এক ‘বিরল প্রতিভা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সোধি গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বলেন, ‘সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা কিছুটা নিচু থেকে ফ্ল্যাট বোলিং করে। কিন্তু রিশাদ বেশ প্রথাগত ধারার বোলার। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা হওয়ায় সে বলের ওপর জোর দিয়ে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারে। সত্যি বলতে এই অঞ্চলের ক্রিকেটে অনেক দিন ধরে এ ধরনের বোলার দেখা যায়নি।’

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে রিশাদের দারুণ পারফরম্যান্সের কথা টেনে ১৪০ টি-টোয়েন্টিতে ১৬২ উইকেটশিকারি সোধি আরও যোগ করেন, ‘বিগ ব্যাশে অত চমৎকার বোলিং করাটাই প্রমাণ করে সে কতটা প্রতিভাবান। আমি আশা করি সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নেবে। ওর মধ্যে সেই দক্ষতা নিশ্চিতভাবেই আছে।” উল্লেখ্য, রিশাদের সঙ্গে সোধির আগে থেকেই সামাজিক মাধ্যমে যোগাযোগ রয়েছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে খেললেও এখনো টেস্টে রিশাদকে দেখা যায়নি। তার সঙ্গে ইনস্টাগ্রামে আগে থেকেই যোগাযোগ আছে সোধির, দুজনের কথা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজেও। রিশাদকে টেস্টে দেখার আগ্রহটা আজ জানিয়ে রাখলেন সোধি, ‘আমার মনে হয়, ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। আশা করি, সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে। সত্যি বলতে টেস্ট ক্রিকেটে আবারও লেগ স্পিন দেখাটা হবে দারুণ ব্যাপার, যা আজকাল বেশ বিরল, তাই না? তবে ওর মধ্যে নিশ্চিতভাবেই সেই দক্ষতা আছে।’

শুধু রিশাদ নয়, বাংলাদেশের নতুন গতি তারকা নাহিদ রানার বোলিং দেখেও বিস্মিত হয়েছেন এ কিউই স্পিনার। যদিও টি-টোয়েন্টি সিরিজে নাহিদ রানা নেই, তবে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স নজর কেড়েছে কিউই শিবিরের।

এত সব প্রশংসার ভিড়েও রিশাদ আছেন উন্নতির খোঁজে। কয়েকদিন ধরে তার সঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে। সোধির পর সংবাদ সম্মেলনে এসে মুশতাক জানিয়েছেন সেটির কারণও।

পাকিস্তানের সাবেক এ লেগ স্পিনার বলেন, ‘আমরা আলাদা বৈচিত্র্য নিয়ে কাজ করছি, ক্রিজটাকে কীভাবে আরও ব্যবহার করা যায়, গুগলি নিয়েও। গুগলিতে আরও কিছুটা উন্নতি দরকার তার। ডানহাতি ব্যাটসম্যান কোন দিক থেকে বল করবে, স্টাম্পের কাছাকাছি কীভাবে আসা যায়, দূরে যাওয়া, এসব আরকি।’