কাবাডির পদক নিশ্চিত বাংলাদেশের

তাইওয়ানকে নিয়ে স্রেফ ছেলেখেলা করলেন শ্রাবণী-স্মৃতিরা। উপহার দিলেন দাপুটে পারফরম্যান্স। টানা দুই জয়ে এশিয়ান বিচ গেমসের কাবাডির ইভেন্টে মেয়েদের বিভাগে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। চীনের সানিয়ায় শনিবার ৫৯-২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৫১-৩৪ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছিল তারা।

চার দলের গ্রুপে চার করে পয়েন্ট নেপাল ও বাংলাদেশের। সেমিফাইনাল নিশ্চিত করায় দুই দলের পদক পাওয়া নিশ্চিত হয়েছে। এই দুই দল ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে রোববার।

এদিকে, টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে ছেলেরা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর, ইরানের বিপক্ষে শনিবার ৪৭-৩১ পয়েন্টে হেরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। বিচ ভলিবলে মেয়েরা মালদ্বীপের বিপক্ষে জিতেছে ২১-১৫, ২১-১৯ ব্যবধানে। এই ইভেন্টেও হেরেছে ছেলেরা; জাপানের বিপক্ষে ২১-১১, ২১-১২ পয়েন্টে।