বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে আবারও বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মধ্যে আবারও বন্ধ হয়ে যায় ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটি। এর ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
এর আগে ২২ এপ্রিল রাত ১০টা ২ মিনিটে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে যায় ও কুলিং ফ্যান ভেঙে প্রথম ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। ৪৮ ঘণ্টা পর শুক্রবার রাত ৮টায় উৎপাদনে ফিরে। উৎপাদন শুরুর পর ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছিল।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক দেশ রূপান্তরকে জানিয়েছেন, বয়লারের টিউব একাধিক জায়গায় ফেটে গেছে। এই অবস্থায় এটি মেরামত করতে ৮ থেকে ৯ দিন সময় লাগতে পারে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি দায়িত্বশীল সূত্র জানিয়ছে, এই বিদ্যুৎকেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট আগে থেকেই বন্ধ রয়েছে। উৎপাদনে আসার পর প্রথম ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় আবারও এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলেও উত্তরাঞ্চলের আট জেলায় লোডশেডিং এবং লো ভোল্টেজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।