নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল শনিবার দুপুরে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের মান পর্যবেক্ষণ ও শ্রেণিকক্ষে শিশুদের পড়ালেখার অবস্থা ঘুরে দেখেন। তিনি মিড ডে মিলের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি খাবারের মানের উন্নতি না হলে কার্যাদেশ বাতিলেরও হুঁশিয়ারি দেন। পরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে গন্ধ পাওয়ায় দুটি স্যাম্পল ঢাকার ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, আজকে (শনিবার) বিদ্যালয়ে সাপ্লাইয়ারদের দেওয়া মিড-ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেছি, খাবারে কিছু ত্রুটি পেয়েছি। শিশুদের দেওয়া মিড ডে মিলে যাতে কোনো ত্রুটি না থাকে এবং শিশুরা যাতে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে বিদ্যালয়ে নিয়মিত আসে, সে জন্যই আমরা সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি। শিশুদের লেখাপড়া ঠিকমতো হচ্ছে কি না তা ঘুরে দেখেছি। ইতিমধ্যে মিড ডে মিলের খাবারের মান নিয়ে যতগুলো অভিযোগ পেয়েছি, তা নিজে পরিদর্শন করছি। প্রয়োজনে পুরো স্ট্রাকচার আমরা পরিবর্তন করে দেব। এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।