ডিপফেক ও এআই দিয়ে আজহারী, তাসনিম জারা, জাকির নায়েক, জাহাঙ্গীর কবিরের কণ্ঠ নকল করে সামাজিক মাধ্যম ফেসবুকে অনলাইনে ভুয়া প্রচারণার মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করছে প্রতারক চক্র। এমন চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চট্টগ্রামের বায়জিদ বোস্তামী এলাকায় ভুয়া কল সেন্টারভিত্তিক প্রতারণা চক্রের বড় নেটওয়ার্ক গড়ে তুলেছিল তারা। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১১টি ল্যাপটপ, ১৩টি স্মার্টফোন, ৩৪টি ফিচার ফোন, ২১টি সিম কার্ড ও দুটি পেনড্রাইভসহ কয়েক টন যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়।
গতকাল শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, বায়জিদ বোস্তামীর শেষ কলোনির একটি বাসা থেকে পরিচালিত হতো এই চক্রের মূল কার্যক্রম। এটি ছিল একটি কল সেন্টার ও অবৈধ ব্যবসার হাব। এখান থেকেই সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করা হতো। চক্রটি চট্টগ্রাম থেকে প্রচার চালালেও পণ্য ডেলিভারি করা হতো ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে। এ ঘটনায় মোহাম্মদপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি একটি গোডাউনের দায়িত্বে ছিলেন।
তদন্তে জানা গেছে, চক্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর কণ্ঠ ও ভিডিও নকল করে ভুয়া বিজ্ঞাপন তৈরি করত। এসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হতো।
ডিসি হারুনুর রশিদ বলেন, এটি অত্যাধুনিক প্রতারণার কৌশল, যেখানে বাস্তব ব্যক্তির কণ্ঠ ও চেহারা ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। চক্রটির মূল হোতা সারাফাত হোসেন, যিনি প্রযুক্তি ও ওয়েব ডিজাইনে দক্ষ। আরেক সদস্য শাফায়েত হোসেন শুভ এআই ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি করতেন।
পুলিশ জানায়, চক্রটি পাঠাও ও স্টিড ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করত। তবে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানগুলোর কোনো সম্পৃক্ততা আছে কি না, তা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে এক প্রতিনিধি। চক্রের অন্য সদস্য এবং দেশের বিভিন্ন স্থানে থাকা সম্ভাব্য গোডাউন শনাক্তে অভিযান চলছে। একই সঙ্গে ভুয়া ফেসবুক পেজ ও ওয়েবসাইট বন্ধে কাজ করছে সংশ্লিষ্ট সাইবার ইউনিট।