প্রাকৃতিক নিয়মে দিন আর রাত মিলে চক্রারে চলে পৃথিবী। যেখানে সাধারণত ১২ ঘণ্টা সূর্যের আলো থাকে এবং বাকি সময়টুকু রাত। কিন্তু আমাদের এই গ্রহটিতে এমনও দেশ রয়েছে যেখানে একবার সূর্য উঠলে আর ৭৩ দিন ডোবে না। আবার একভাবে সূর্য ডুবলে আর উঠে না। তথ্যানুযায়ী জায়গাগুলোর অবস্থান জানুন।
নরওয়ে
নরওয়ে সুমেরুবৃত্তে অবস্থিত। একে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এখানে মে মাস থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য কখনোই অস্ত যায় না। প্রায় ৭৩ দিন এখানে কোনো রাত হয় না। নরওয়ের সভলবার্ডে টানা ৭৩ দিন পর্যন্ত সূর্য অবিরাম আলো দেয়। এটি ইউরোপের উত্তরতম জনবসতিপূর্ণ অঞ্চল। খবর টাইমস অব ইন্ডিয়া
কানাডা
কানাডার উত্তর-পশ্চিমে নুনাভুত নামে অঞ্চলটি সুমেরুবৃত্ত থেকে প্রায় দুই ডিগ্রি ওপরে অবস্থিত। ফলে স্থানটিতে বছরের প্রায় দুই মাস ২৪ ঘণ্টা সূর্যের আলো থাকে। ঠিক উল্টো চিত্র দেখা যায় শীতকালে; তখন এই অঞ্চলে টানা ৩০ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে।
আইসল্যান্ড
গ্রেট ব্রিটেনের পর আইসল্যান্ড ইউরোপের বৃহত্তম দ্বীপ। মশা নেই এমন দেশ হিসেবেও দেশটির খ্যাতি রয়েছে। গ্রীষ্মকালে আইসল্যান্ডের রাতগুলো বেশ পরিষ্কার থাকে, তবে জুন মাসে এখানে সূর্য অস্ত যায় না। পূর্ণ মহিমায় নিশীথ সূর্য দেখতে চাইলে আপনি সুমেরুবৃত্তের আঙ্কুরেরি শহর এবং গ্রিমসে দ্বীপ ভ্রমণ করতে পারেন।
আলাস্কা
আলাস্কার ব্যারোতে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য ডোবে না। প্রকৃতির এই অদ্ভুত ভারসাম্য বজায় রাখতে আবার নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন এখানে সূর্য ওঠে না, যাকে পোলার নাইট বা মেরু রাত্রি বলা হয়। সেখানে তীব্র শীতের মাসগুলোতে এই অঞ্চলটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত থাকে। তুষারাবৃত পাহাড় ও মন্ত্রমুগ্ধকর হিমবাহের জন্য পরিচিত এই স্থানে আপনি গ্রীষ্ম বা শীতে যেতে পারেন।
ফিনল্যান্ড
হাজার হ্রদ ও দ্বীপের দেশ ফিনল্যান্ডের অধিকাংশ অংশে গ্রীষ্মকালে টানা ৭৩ দিন সূর্যের দেখা মেলে। এই সময়ে সূর্য অবিরাম আলো দেয়, অথচ শীতকালে এখানে সূর্যালোকের দেখা পাওয়া ভার। এই কারণেই এখানকার মানুষ গ্রীষ্মে খুব কম এবং শীতে অনেক বেশি সময় ধরে ঘুমায়। এখানে ভ্রমণে গেলে আপনি নর্দার্ন লাইটস বা মেরুজ্যোতি দেখার পাশাপাশি স্কিইং এবং গ্লাস ইগলোতে থাকার অনন্য অভিজ্ঞতা নিতে পারেন।
সুইডেন
মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত সুইডেনে মাঝরাতের দিকে সূর্যাস্ত হয় এবং ভোর ৪টার দিকে পুনরায় সূর্যোদয় ঘটে। এখানে বছরের প্রায় ছয় মাস পর্যন্ত অবিরাম সূর্যালোক থাকতে পারে।