ফিলিপাইনের ইলোইলো সিটির ‘দ্য কফি স্টুডিও’ রাত প্রায় ৯টার দিকে বন্ধ হয়ে যায়। কিন্তু দোকান বন্ধ হলেও তাদের ওয়াই-ফাই চালু থাকে। রাতে কিশোর-কিশোরী, সন্তানসহ মায়েরা কিংবা ট্রাইসাইকেল চালকদের দোকানের বাইরে বসে ফোন ব্যবহার করতে দেখা যায়। আশপাশের অনেকে পরদিন মালিকদের জানিয়ে দেন, রাতে তারা ক্যাফের ওয়াই-ফাই ব্যবহার করেছেন।
ক্যাফে পরিচালনাকারী পরিবারের সদস্য নেরেও কাহিলিগ লুজান জানান, সিসিটিভির ফুটেজ পাঠানোর জন্য ইন্টারনেট সংযোগ রাতভর চালু রাখতেই হয়। যেহেতু সংযোগের খরচ এমনিতেই দেওয়া হচ্ছে, তাই আশপাশের মানুষ ব্যবহার করলে তাদের আপত্তি নেই।
দোকান খোলা থাকলেও নিয়ম প্রায় একই। ওয়াই-ফাই ব্যবহার বা ফোন চার্জ দিতে কোনো ন্যূনতম অর্ডার বাধ্যতামূলক নয়।
পরিবারটির মতে, বিনা মূল্যে কে কী পেল সেটি বড় কথা নয়। বরং আশপাশের মানুষের কাজে লাগাই গুরুত্বপূর্ণ। আর রাতের এই ব্যবহারকারীরা দোকানের সামনে উপস্থিত থাকায় এক অর্থে তারাই হয়ে ওঠেন কফিশপটির ‘অঘোষিত পাহারাদার’!
২০২৩ সালে ক্যাফেটি চালুর পর থেকে একই পাসওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, তাই সেটি জানা থাকলে দোকান বন্ধের পরও বাইরে বসে ইন্টারনেট ব্যবহার করা যায়।