মার্কিন পপকন্য রিহানা আবারও মুম্বাইয়ে। নিজের কসমেটিক ব্র্যান্ডের স্টোর লঞ্চে ভারতে এলেও, তার সফরের অন্যতম আকর্ষণ ছিল আম্বানি পরিবারের অ্যান্টিলিয়া বাসভবনে বিশেষ আমন্ত্রণ। সেখানে পৌঁছাতেই রিহানাকে ঘিরে ছিল জমকালো আয়োজন- নাচ, ফুলের খেলা, পূজা-আরতি- সব মিলিয়ে একেবারে তারকাসুলভ অভ্যর্থনা।
জনা গেছে, মুম্বাই পৌঁছেই রিহানা সোজা চলে যান অ্যান্টিলিয়ায়, যেখানে তাকে স্বাগত জানান ঈশা আম্বানি, শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্ট ও অনন্ত অম্বানি। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হয় ঐতিহ্যবাহী নৃত্য-পরিবেশন, যা দেখে মুগ্ধ হন গায়িকা। এরপর তিনি অংশ নেন অম্বানি পরিবারের সঙ্গে পূজা ও আরতিতে। তারপর মেতে ওঠেন ফুলের হোলিতে, যেখানে ফুলের পাপড়িতে নাচ–গান করে সবাইকে মাতিয়ে দেন রিহানা।
রিহানার এই সফরের মূল উদ্দেশ্য ছিল তার ব্র্যান্ড Fenty Beauty Ki Haveli-র স্টোর লঞ্চ। অনুষ্ঠানজুড়ে ছিল ভক্তদের সঙ্গে দেখা, ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কথা বলা, আর একের পর এক ভাইরাল মুহূর্ত। এক ভিডিওতে দেখা যায়, তিনি জানতে চাইছেন, ‘থ্যাঙ্ক ইউ’কে হিন্দিতে কী বলে?’ এটিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
আফটার-পার্টিতেও ছিলেন দারুণ ফুরফুরে মেজাজে। জাহ্নবী কাপুর থেকে মণীশ মালহোত্রা—সবার সঙ্গেই রিল-মুহূর্ত ভরে গেছে সোশ্যাল মিডিয়া।রিহানা শেষবার মুম্বাই এসেছিলেন ২০২৪-এ অনন্ত আম্বানি–রাধিকা মার্চেন্টের বিয়েতে। এবারও তার সফর ঘিরে উচ্ছ্বাস মোটেই কম নয়।