যৌন হেনস্তার অভিযোগ, রাহুল সিপ্লিগুঞ্জের বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

বিয়েসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক তরুণীকে হুমকি ও হয়রানির অভিযোগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় ‘নাটু নাটু’ গানের গায়ক রাহুল সিপ্লিগুঞ্জের বিরুদ্ধে মামলা। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এমভিপি থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টিভি-নাইন তেলেগুর প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় রাহুলসহ মোট ১২ জনের নাম রয়েছে। 

অভিযোগকারী তরুণীর দাবি, কার্পুরাপু রাহুল রেড্ডি নামে এক ব্যক্তি বিয়ের কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। শুরুতে ওই ব্যক্তি নিজেকে রাহুল সিপ্লিগুঞ্জের আত্মীয় হিসেবে পরিচয় দেন। পরে তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে জটিলতা তৈরি হয়। 

এতে তার সম্মান ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তরুণীর আরো অভিযোগ, রাহুল সিপ্লিগুঞ্জও তাঁকে হুমকি দিয়েছেন এবং জোর করে একটি ভিডিও বক্তব্য রেকর্ড করিয়েছেন। তবে ওই ভিডিওতে কী বক্তব্য দেওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ। মামলায় ব্ল্যাকমেইল, হুমকি ও হয়রানির অভিযোগ আনা হয়েছে। 

তবে রাহুল সিপ্লিগুঞ্জের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন। এ বিষয়ে তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত