মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান অস্থিরতার মাঝে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর নাম কোল টমাস অ্যালেন। তাঁর বয়স ৩১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এসব তথ্য দিয়েছে।
পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের তথ্যসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে সিএনএন জানতে পেরেছে, সন্দেহভাজন ব্যক্তি কোল টমাস অ্যালেন পেশায় তিনি একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার। তাঁর নাম ও ছবির সঙ্গে লিংকডইনের একটি প্রোফাইলের মিল পাওয়া গেছে। লিংকডইনের ওই প্রোফাইলে তাঁকে টিউটরিং কোম্পানি সি টু এডুকেশনের খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।
কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর মাসে সি টু এডুকেশন তাঁকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। শনিবার রাতে সি টু এডুকেশনের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেছিল সিএনএন। তবে কেউ সাড়া দেয়নি। প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ডমিনগুয়েজ হিলস থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। হুইলচেয়ারের জন্য একটি প্রোটোটাইপ ইমার্জেন্সি ব্রেক তৈরি করার কারণে ২০১৭ সালে কোল টমাস অ্যালেন স্থানীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। সে সময় তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী ছিলেন।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবর মাসে তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন। অ্যালেন তাঁর লিংকডইন প্রোফাইলে নিজেকে ভিডিও গেম ডেভেলপার হিসেবে উল্লেখ করেছেন। সেখানে দেখা যায়, তিনি ব্যক্তিগত উদ্যোগে বোরডাম নামে একটি ভিডিও গেম তৈরি করেছেন, যা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম স্ট্রিমে ১ দশমিক ৯৯ ডলারে বিক্রি করা হয়। বোরডাম নামটির জন্য তিনি ২০১৮ সালে ট্রেডমার্ক নিবন্ধনও করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেডমার্ক রেকর্ডে উল্লেখ রয়েছে। লিংকডইনে অ্যালেন লিখেছেন, তিনি বর্তমানে দ্বিতীয় একটি গেম তৈরি করছেন। এটির নাম ফাস্ট ল।
প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের সৌজন্যে শনিবার নৈশভোজের আয়োজন করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্ট লেডি মেলানিয়া ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে গুলির ঘটনা ঘটে। এরপর ট্রাম্প, মেলানিয়া ও মন্ত্রিপরিষদের সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করেন। সেখানে সন্দেহভাজনকে খালি গায়ে মাটিতে উপুড় হওয়া অবস্থায় দেখা যায়। আটক হওয়া সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে আছেন। ওই ব্যক্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা ছিল তার। এমন দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ।