ফ্লোরিডায় বাংলাদেশি ২ শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় সরকার ও ওয়াশিংটনে বাংলাদেশ মিশন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং এফবিআইসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে।

যুক্তরাষ্ট্র পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়টিরই সাবেক এক শিক্ষার্থী নৃশংসভাবে হত্যা করেছে। এ হত্যাকা-ে জড়িত থাকার বিষয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে সেখানে পুলিশ গ্রেপ্তার করেছে।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তরুণীর মরদেহ এখনো পাওয়া যায়নি।

শামা ওবায়েদ বলেন, তিনি দুই পরিবারের সঙ্গেই কথা বলেছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে আনা হবে। বৃষ্টির মরদেহ পাওয়া গেলে তা ফিরিয়ে আনতেও সরকার সহায়তা দেবে। শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে এবং নৃশংস হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের আওতায় আনবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, মায়ামির বাংলাদেশ কনস্যুলেট মরদেহটি দ্রুততম সময়ে দেশে ফেরত পাঠাতে সেখানকার সংশ্লিষ্ট সবার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটসমূহ সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

অপরদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে আরও তথ্য প্রাপ্তির জন্য দূতাবাসসংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে।

তদন্ত সক্রিয়ভাবে চলমান থাকায় স্থানীয় শেরিফ অফিস এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছে এবং পরবর্তী পদক্ষেপসমূহ সরাসরি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয় করার আশ্বাস দিয়েছে।