গোমতীর তীরে মাটিকাটা রোধে অভিযান

কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার বিকেলে ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচরে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে নদীর তীর থেকে মাটিকাটার সময় ঘটনাস্থল থেকে ২টি এক্সকাভেটর অপসারণ করা হয়। একই সঙ্গে ৪টি ব্যাটারি ও একটি ড্রেজারের অংশ জব্দ করা হয়েছে।

প্রশাসন জানায়, গোমতী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এ ধরনের কর্মকা- রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদীর তীর কেটে মাটি বিক্রি করে আসছিল। অভিযানের ফলে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।