মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ : পুলিশের অভিযানে মূল অভিযুক্ত গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মন্দিরের পূজার সরঞ্জামাদি সংরক্ষণের টিনশেড ঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত গত বুধবার (২২ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে মাধবপুর থানাধীন আফজলপুর গ্রামের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পূজার সামগ্রী সংরক্ষণের টিনশেড ঘরে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়। 

ঘটনার পরপরই হবিগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় তদন্ত শুরু হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় ধারাবাহিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত রবিবার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মাধবপুর থানার ৩নং বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত মো. বোরহান উদ্দিন সোহাগকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ। তিনি আফজলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন ওরফে তালেবরের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন সোহাগ মন্দিরে অগ্নিসংযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায়  আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।