সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ ওঠেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরআগে ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামে সামাল মেম্বারের বাড়িতে এ লুটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাড়ির মালিক সালাম মেম্বার বলেন, ভোরের দিকে আমার বাড়িতে কয়েক জন ডাকাত প্রবেশ করে। এসময় বাড়ির সকলকে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে একটি রুমে নিয়ে জিম্মি করে। পরে ডাকাতরা ঘরের ভেতর থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। এরপরে আমরা আশুলিয়া থানা পুলিশকে খবর দেই বলে জানান তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে লুটের ঘটনার সত্যতা পাওয়া গেছে। কিন্তু কি পরিমাণ স্বর্ণালংকার ও টাকা লুট হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের একাধিক টিম দোষীদের আটকের জন্য অভিযান পরিচালনা করছে।
এসময় তিনি আরো বলেন, এঘটনায় দুপুর পর্যন্ত ভুক্তভোগীর পরিবার কোনো অভিযোগ দেয়নি। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।