কৃষকদের উন্নয়নে পার্বতীপুরে পার্টনার কংগ্রেস

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে পার্বতীপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় পার্বতীপুর উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেয়া হয়।

পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিয়া, প্রকল্প সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হুসাইন ও পার্টনার স্কুলের কৃষক হাফিজ উদ্দীন প্রমুখ। 

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের মাটি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি। পৃথিবীতে এমন কোন ফল ফসল নাই যা বাংলাদেশের মাটিতে ফলে না। কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়লে কৃষকরা লাভবান হবে। উত্তম কৃষি চর্চা করতে হবে। ভাল ফসল উৎপাদন না করার কারনে বিদেশের মার্কেট ধরতে পারছি না আমরা। নিরাপদ খাবার উৎপাদন করতে পারলে তাহলে বিদেশের বাজার আমরা ধরতে পারবো। 

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হুসাইন বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।  

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্টেকহোল্ডার অংশ নেন। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৭০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। পাশাপাশি স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।