পার্বতীপুরে তুলাচাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬–২৭ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক বলেন, ‘বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি তুলা চাষ লাভজনক হলে কৃষকরা ভবিষ্যতে আরও বেশি জমিতে তুলার আবাদে আগ্রহী হবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হুসাইন রাজু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল, ঠাকুরগাঁও জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক আকরাম হোসেন মাস্টার, সাবেক প্যানেল মেয়র মঞ্জরুল আজিজ পলাশ এবং পার্বতীপুর কটন ইউনিটের কর্মকর্তা আখতার মাহমুদসহ কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার প্রতিটি নির্বাচিত কৃষককে ৩৩ শতক জমিতে তুলা চাষের জন্য ৬০০ গ্রাম তুলার বীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি এমওপি, ২ কেজি বোরন, ৩০০ মিলিলিটার কীটনাশক, ১৫০ গ্রাম ছত্রাকনাশক এবং ৩০০ মিলিলিটার বৃদ্ধি নিয়ন্ত্রকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত