পদ্মায় জেলের বড়শিতে কুমির

পদ্মা নদীতে জেলের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। সোমবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় কুমিরটি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে কুমিরটি দেখতে শতাধিক মানুষ ঘাট এলাকায় ভিড় করেন।

জানা গেছে, পদ্মা নদীতে স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস  নদীতে হাজারী বড়শি বসিয়ে মাছ ধরছিলেন। এ সময় তাদের বড়শিতে আটকা পড়ে ওই কুমিরটি। পরে তারা এটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটের পাড়ে নিয়ে আসেন।

জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি বড়শিতে ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে তারা আরও দুটি কুমির দেখতে পেয়েছেন। ওই দুটি কুমির আকারে আরও বড় ছিল। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্বপন বেপারী জানান, কুমিরটি আটকা পড়ার পর দ্রুত উদ্ধার করে ঘাট এলাকায় আনা হয়েছে। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।

চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন হোসেন জানান, বিষয়টি জানার পর ওসির নির্দেশে যাতে কেউ বন্যপ্রাণীটিকে আঘাত করতে না পারে সে জন্য পুলিশ দ্রুত ঘাটপাড়ে অবস্থান নেয়। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে ওই কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।