পার্বত্যমন্ত্রী বললেন

স্বাস্থ্য কার্ড দেওয়ার প্রক্রিয়া চলমান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, আমাদের নির্বাচনী ওয়াদা ছিল সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা, সেভাবেই আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। পাহাড়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবা অনেক পিছিয়ে আছে। স্বাস্থ্যসেবা উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ চলমান হয়েছে। জনগণের সরকার হিসেবে প্রধানমন্ত্রী ফ্যামিলি ও কৃষি কার্ড দিয়েছেন, স্বাস্থ্য কার্ড দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। এই ক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার দুপুরে রাঙ্গামাটির জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসক ও নার্স আসার পর দ্রুতই পুরোদমে সেবাকার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন। নৌপথে সেবা সহজ করতে নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির সংকট সমাধান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার একরামুল রাহাত, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. প্রীতি প্রসুন বড়ুয়া, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।  এর আগে মন্ত্রী রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বন্যহাতির আক্রমণে নিহত ও আহতদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।