আজই কি বিদায় আবাহনীর?

মঙ্গলবার ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে আবাহনীর পক্ষে মিলতে হবে জটিল সমীকরণ। প্রথমত হারাতে হবে পিডব্লিউডিকে। পাশাপাশি রহমতগঞ্জ-ফকিরাপুল ম্যাচেও চোখ রাখতে হবে গতবারের রানার্সআপদের। রহমতগঞ্জ জিতলে কপাল পুড়বে ফেডারেশন কাপের সবচেয়ে সফল দলটির।

চার পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে আছে আবাহনী। তিন ম্যাচ খেলে একটিতে জয়, একটিতে ড্র ও একটিতে হেরেছে মারুফুল হকের দল। অন্যদিকে সমান ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে আবাহনীর ওপরে অবস্থান রহমতগঞ্জের। অর্থাৎ রহমতগঞ্জ অপেক্ষাকৃত দুর্বল ফকিরাপুলকে হারালে পেয়ে যাবে কোয়ালিফায়ারের টিকিট। শেষ চারে তারা সঙ্গী হবে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ব্রাদার্স ইউনিয়নের।

এই মৌসুমে ফেডারেশন কাপে নিজেদের সেরাটা দিতে পারেনি আবাহনী। প্রথম ম্যাচে ফকিরাপুলকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সের কাছে হেরে বড় আঘাত পায় ১২ বারের চ্যাম্পিয়নরা। সেই ঘায়ে নুনের ছিটে পড়ে তৃতীয় ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করায়। এখন শেষ ম্যাচে জয় পেলেও বিদায় হাতছানি দিচ্ছে আবাহনীকে।

গ্রুপ সেরা হওয়ায় ব্রাদার্স কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। জটিল সমীকরণ মিললে আবাহনী পেয়ে যেতে পারে চির বৈরী মোহামেডানকে, যারা ‘বি’ গ্রুপের রানার্সআপ। আবাহনীকে ছিটকে মোহামেডানের প্রতিপক্ষ হতে ফকিরাপুলকে হারাতেই হবে রহমতগঞ্জকে। এবার বাদ পড়লে টানা চতুর্থ বারের মতো শিরোপার রেস থেকে ছিটকে যাবে ধানম-ি জায়ান্টরা। শুধু এবারের মৌসুম নয়, বেশ কিছু মৌসুম ধরেই শিরোপাশূন্য আবাহনী। তারা শেষবার শিরোপার স্বাদ পায় ২০২১-২২ মৌসুমে। সেবার তারা জিতেছিল ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ।

সর্বশেষ ছয় লিগে শিরোপার মুখ দেখেনি পেশাদার যুগে সবচেয়ে বেশিবার লিগ জেতা আবাহনী। চারবার রানার্সআপ হওয়াই তাদের সান্ত্বনা।