ছেলের সেঞ্চুরিতে গর্বিত পিতা

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:৪০ এএম

একদিন যে ছেলেকে ক্রিকেট খেলার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বাবা, সেই ছেলের ব্যাটেই আজ ইতিহাসের সেঞ্চুরি। একদিন যে বাবা চেয়েছিলেন ছেলে চিকিৎসক কিংবা প্রকৌশলী হবে, সেই বাবাই এখন ছেলের কীর্তিতে চোখের পানি মুছছেন। বগুড়ার বাড়িতে বসে গতকাল তোজাম্মেল হোসেন দেখেছেন তার জীবনের সবচেয়ে গর্বের এক দৃশ্য। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করছেন তার ছেলে তানজিদ হাসান তামিম। ক্রিকেট ছাড়ানোর জন্য ছেলের সঙ্গে একসময় লড়াই করেছেন তোজাম্মেল। কিন্তু স্ত্রী রেহেনা বেগমের অদম্য জেদের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে। সেই হারই যে একদিন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে ফিরবে, তখন কি তা জানতেন তোজাম্মেল!

ডারউইনে গতকাল তামিম যখন ব্যাট হাতে ইতিহাস লিখছিলেন, বগুড়ার বাড়িতে বসে পরিবারের সবাই তখন টেলিভিশনের পর্দায় তাকিয়ে। প্রতিটি বল, প্রতিটি রান, প্রতিটি মুহূর্তে যেন ছেলের সঙ্গে ছিলেন বাবা-মা। শেষ পর্যন্ত ১৯৭ বলে ১০১ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করেন তামিম। নিজের দ্বিতীয় টেস্টেই এমন কীর্তি তার। সেই সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করেন তামিম, ‘সেঞ্চুরিটা অবশ্যই বিশেষ। আমি আমার বাবা-মায়ের জন্য এটা দিতে চাই।’

তামিম আগের দিন ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার পর তোজাম্মেলের মনে হয়েছিল, হয়তো বিশেষ কিছু অপেক্ষা করছে। গতকাল সে গল্পই শোনালেন তিনি, ‘তামিম যখন অপরাজিত থেকে প্রথম দিন ব্যাটিং শেষ করে, তখনই মনে হচ্ছিল হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। সাধারণত প্রতিদিনই ওর সঙ্গে কথা হয়। আজও (গতকাল) ফোন দিয়েছিল। কিন্তু সেদিন আর কথা বলিনি। রাতে ঘুমের সমস্যা হবে, সে জন্য বিরক্ত করিনি।’

তামিম বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। দেশের ক্রিকেট ইতিহাসে যা এখনো সব থেকে বড় অর্জন। এরপর জাতীয় দলে অভিষেক হয় তার। বিশ্বকাপে খেলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিও করেছেন। কিন্তু ছেলেকে ঘিরে একটি স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলেন তোজাম্মেল, টেস্ট খেলতে দেখা। গত মে মাসে সেই স্বপ্নও পূরণ হয় তার। দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে সেটা আরও মূল্যবান করেছেন তামিম। গর্বিত পিতা জড়িয়ে আসা কণ্ঠে বলেন, ‘আজ আমার গর্বের দিন। অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আগে সে খুব হাসিখুশি ছিল। আমি প্রার্থনা করতাম, এই হাসি মুখটা যেন থাকে। এভাবেই যেন দেশে ফিরতে পারে। কিন্তু সেটা যে প্রথম টেস্টে সেঞ্চুরি দিয়ে হবে, ভাবতেই পারিনি। চাওয়ার থেকে যেন বেশিই পেয়েছি।’

তামিমের এই সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটেরও বড় অর্জন। ১৯৬৪ সালে পাকিস্তানের হানিফ মোহাম্মদের পর এশিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড। প্রতিপক্ষ যখন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়নের মতো বিশ্বমানের বোলার, তখন ১৯৭ বলে ১০১ রানের ইনিংসটির মাহাত্ম্য আরও বেড়ে যায়। এমন ব্যাটিংয়ের রহস্য খোলাসা করেন তামিম, ‘দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত আমার জন্য। আমি আসলে কখনো বোলারকে দেখে খেলিনি। আমি সবসময় চেষ্টা করেছি বলের মান অনুযায়ী ব্যাটিং করতে।’

তামিমের এমন ব্যাটিং মুগ্ধ করেছে নাজমুল হোসেন শান্তকেও। দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার ব্র্যাড হ্যাডিনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই তামিম তার সামর্থ্য দেখিয়েছে। তার ব্যাটিংয়ে আমি খুবই খুশি। এমনিতেই এখানকার কন্ডিশনও আমাদের দেশের মতো নয়। তার ওপর অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে সে যেভাবে ব্যাট করেছে, সেটা অসাধারণ। সে খুবই আক্রমণাত্মক একজন ব্যাটার। কিন্তু আজ (গতকাল) বলের ধরন অনুযায়ী খেলেছে, নিজেকে নিয়ন্ত্রণ করেছে।’

দ্বিতীয় দিনের চা-বিরতির সময় তামিমের কথা হয় অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে। সে প্রসঙ্গে বাংলাদেশি ওপেনার বলেন, ‘গিলক্রিস্টকে ছোটবেলায় দেখতাম, সে আমার পছন্দের খেলোয়াড়। যখন সাক্ষাৎকারের আগে আমাকে বলেছে, আমার ব্যাটিং বেশ উপভোগ করেছে। এটা অনেক ভালো লাগার বিষয় আমার কাছে।’

তামিমের সেঞ্চুরি নজর কেড়েছে বিশ্বক্রিকেটেরও। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং চ্যানেল সেভেনে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে, ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই এমন কিছু করার চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।’ দেশটির সাবেক ব্যাটার উইল পুকোভস্কিও মুগ্ধ তামিমের কীর্তিতে, ‘এই মুহূর্তে তার মাথার ভেতর কী চলছে, সেটা শুধু কল্পনা করা যায়।’

তামিমের মাথায় তখন ঠিক কী চলছিল সেটা জানা না গেলেও, তার বগুড়ার বাড়িতে বসে তোজাম্মেল হোসেনের মনে নিশ্চয়ই ফিরছিল পুরনো দিনগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত