লা লিগা দিয়ে শুরু ইউরোপিয়ান ক্লাব ফুটবল

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:৪০ এএম

স্প্যানিশ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পর্দা উঠছে লা লিগার। ১৯২৮ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতার ৯৬তম আসর মাঠে গড়াচ্ছে আজ। দীর্ঘ ৯৫টি মৌসুমের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ৯টি ভিন্ন ক্লাব শিরোপা স্বাদ নিয়েছে। যেখানে রেকর্ড ৩৬টি শিরোপা নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ, ২৯ বার ট্রফি ঘরে তুলেছে বার্সেলোনা এবং ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে আতলেতিকো মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার টানা তৃতীয় বা ‘থ্রি-পিট’ শিরোপার খোঁজে মাঠে নামবে কাতালানরা। শুরুর দিনের সূচিতে আছে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে আলাভেজ নামবে গেতাফের বিপক্ষে। দিনের আরেক ম্যাচে খেলবে সেভিয়া ও রায়ো ভায়েকানো।

ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের বাধ্যতামূলক ২১ দিনের বিশ্রাম নিশ্চিত করতেই রিয়াল, বার্সেলোনা এবং আতলেতিকো মাদ্রিদের মতো দলগুলোর উদ্বোধনী ম্যাচ পেছানো হয়েছে। শনিবার থেকে লিগ শুরু হলেও এবারের আসরের প্রথম সপ্তাহে মাঠে নামছে না রিয়াল ও বার্সা। আগামী ২২ আগস্ট এস্পানিওলের মাঠে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে রিয়াল। এর পরদিন ২৩ আগস্ট এলচের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রথম ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত