মানহানির মামলা

আমির হামজা হাইকোর্টে আগাম জামিন পেলেন

মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। তার করা জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশসহ নিয়মিত জামিন প্রশ্নে রুল দেয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে আমির হামজার বিরুদ্ধে এ মামলাটি হয়।

গতকাল এ মামলায় জামিনের জন্য হাইকোর্টে হাজির হন তিনি। তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল। অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘আট সপ্তাহ অথবা ওই মামলার বিচার শেষ হওয়া পর্যন্ত আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, সে বিষয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আর এই সময়ের পর উপযুক্ত সময়ে তিনি (আমির হামজা) সিরাজগঞ্জের আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন।’

গত ২৬ মার্চ ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। তার এ বক্তব্য কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। তার এ মন্তব্যকে মানহানিকর উল্লেখ করে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মানহানির মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আমির হামজাকে আদালতে হাজির হতে সমন জারি হলেও তিনি নির্ধারিত তারিখে অধস্তন আদালতে হাজির না হওয়ায় গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।