ওয়ানডে সিরিজে হারের তিক্ততা কাটিয়ে টি-টোয়েন্টিতে নতুন শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। তবে সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বর্ণা আক্তারের দুর্দান্ত লড়াই সত্ত্বেও শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরে গেছে টাইগ্রেসরা। সফরকারীদের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৩৬ রানে থেমে যায়।
টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে লঙ্কান দুই ব্যাটার ইমেশা দুলানি ও হারশিথা সামারাবিক্রমার ব্যাটে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। ইমেশা ৪০ বলে ৫৫ এবং হারশিথা মাত্র ৩৫ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অধিনায়ক চামারি আথাপাত্তু করেন ৩২ রান। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ২ উইকেট নেন, এছাড়া মারুফা ও নাহিদা পান ১টি করে উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে লঙ্কান নারীরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও দ্রুত খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দলীয় ৪০ রানে সাজঘরে ফেরেন শারমিন ও অধিনায়ক নিগার সুলতানা (০)। ওপেনার দিলারা আক্তার ১৪ বলে ২৩ রান করে আশা জাগালেও বেশিক্ষণ টিকতে পারেননি।
একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান তরুণ ব্যাটার স্বর্ণা আক্তার। লঙ্কান বোলারদের শাসন করে তিনি তুলে নেন দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি। ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন তিনি। কিন্তু ইনিংসের শেষ বলে রান আউট হলে তার লড়াকু ইনিংসটা শেষ হয়।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতেও পরাজয় দিয়ে শুরু করা বাংলাদেশের জন্য এখন সিরিজ বাঁচানোর লড়াই কঠিন হয়ে দাঁড়াল।