ঝালকাঠির রাজাপুরের তুলাতলা এলাকায় খাল খননে ভেকু চালকের মনগড়া সিদ্ধান্তে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক ধসে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে খাল কাটার সময় আকস্মিক এমন ঘটনা ঘটলে স্থানীয়দের চাপের মুখে ভেকু চালক খাল কাটা বন্ধ রাখে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় মার্চ মাসের শেষের দিকে ২৪ কিলোমিটার খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। এরপরে গত কয়েকদিন আগে খাল কাটার কার্যক্রম শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার।
স্থানীয়রা জানায়, খাল কাটার সময় রাস্তার পাশ থেকে অতিরিক্ত গভীর করে খনন করায় সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা খালের মধ্যে ডেবে গিয়ে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। তারা জানান, খাল খননের সময় ভেকু চালকে একাধিকবার নিষেধ করলেও তিনি তা না শুনে তার খেয়াল খুশি মতো ভেকু চালিয়ে রাস্তা ভেঙেছে। তাছাড়া খাল খননের জন্য খালের মধ্যে যে বাধটি দেওয়া হয়েছে সেটি যখন খোলা হবে তখন রাস্তার বাকি অংশও খালের মধ্যে বিলীন হবে। ফলে বর্ষা মৌসুমে জরুরি সেবা ফায়ার সার্ভিসের গাড়ীসহ, স্কুলগামী শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সেবা গ্রহীতা, রোগী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগের শঙ্কা রয়েছে।
স্থানীয় এমাদুল সরদার জানান, খালের দক্ষিণ পাশে জায়গা রেখে চতল করে মাটি কাটলেও খালের উত্তরে রাস্তার পাশের অংশ খাড়া ভাবে কেটেছে। ভেকু চালককে আমরা বারংবার নিষেধ করা সত্ত্বেও তিনি আমাদের কোন কথা শোনেননি। অথচ তার ভুলের কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হবে।
স্থানীয় সত্তোরোর্ধ ইউসুফ মোল্লা জানান, আমার সামনে এই ঘটনাটি ঘটেছে। ভেকুর চালককে নিষেধ করা সত্ত্বেও তিনি রাস্তার পাশ খাড়া করে কেটেছেন অথচ খালের দক্ষিণ পাশ চতল করে কেটেছে।
ভেকুর মালিক মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক জানান, খাল কাটার সময় সামান্য একটা ফাটল ছিল, সকালে এসে দেখি বড় একটি ফাটলসহ রাস্তার ধ্বস হয়েছে। আমার ধারণা দুষ্কৃতিকারীরা এর সঙ্গে জড়িত।
রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজের পশ্চিম পারে খাল কাটার কারণে রাস্তার কিছু অংশ ভেঙে পড়েছে। আমরা আগামী ৭ দিনের মধ্যে এই ভাঙ্গা রাস্তা মেরামত করব।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, বিষয়টি আমি শুনেছি। খাল খননে সংশ্লিষ্টদের গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট ডিপারমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে আশ্বস্থ করেছেন তাদের মোবাইল ম্যান্টানেসের টাকা দিয়ে রাস্তা দ্রুত মেরামত করে দিবেন।