ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এখানকার ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে মুগ্ধ করেছে।

 

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রবিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি নৌকায় করে হাট ঘুরে দেখেন। এ সময় পেয়ারার বেচাকেনা, পরিবহন কার্যক্রম, স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তিনি।

ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন ফুল দিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি।

নৌকায় বসে পেয়ারা কেনাবেচা ও পরিবহনের দৃশ্য প্রত্যক্ষ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পাশাপাশি হাটসংলগ্ন খাল-বিল, সবুজে ঘেরা পরিবেশ ও পেয়ারা বাগানের সৌন্দর্যও উপভোগ করেন। এ সময় তিনি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন।

হাটে কিছুক্ষণ অবস্থান ও পরিদর্শন শেষে ট্রলারে করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এখানকার ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে মুগ্ধ করেছে।

বাংলাদেশের গ্রামীণ জীবন, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা এবং প্রকৃতির সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত