টানা বৃষ্টিতে জলমগ্ন বাগেরহাট শহর, দুর্ভোগে হাজারো মানুষ

দেড় ঘণ্টার টানা বৃষ্টিতে বাগেরহাট শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের রেলরোড, স্টেডিয়াম সড়ক, বাসাবাটি, মেইনরোড, খানহাজান আলী সড়কসহ নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভারি বৃষ্টি হলেই পৌরসভার এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল না থাকায় ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের।

অন্যদিকে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বোরো ধানের ক্ষয়ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ। 

বাগেরহাট শহরের রেলরোডের বাসিন্দা মানিক লাল সামন্ত, নাছিমা আক্তারসহ বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল না থাকায় বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। চলাফেরায় দারুণ সমস্যায় পড়তে হয়। ভোগান্তি দূর করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান এই বাসিন্দারা।

বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. মোতাহার হোসেন বলেন, বাগেরহাট জেলায় চলতি মৌসুমে ৬৮ হাজার ১২৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। মাঠের ধান পেকে গেছে। ধান কাটা চলছে। জেলার ২১ ভাগ ধান ইতিমধ্যে কৃষক কেটে ঘরে তুলেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে হঠাৎ করে ঝড়ো হওয়ার সাথে মুষলধারে টানা দেড় ঘণ্টা বৃষ্টি হয়েছে। দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে মাঠের পাকা ধান ঝড়ে ও ধান গাছ নুয়ে পড়েছে। এতে মাঠের বোরো ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে।