ময়মনসিংহের ত্রিশালে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকার মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি তার চাষকৃত ধানক্ষেত দেখতে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইলফোন অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন।
ত্রিশাল পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায়র দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মোতালেব হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানোর হয়েছে। নিহতের ছেলে আলী হোসেন বলেন, আমার বাবা মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে ধানক্ষেত দেখতে বের হন। তিনি প্রায়ই জমি দেখতে যেতেন। এদিন কে বা কারা আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর মরদেহের পাশে তার মোবাইল ফোন পড়ে ছিল এবং কোমরে বাঁধা কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত ছিল।