প্রতিভা অন্বেষণে স্বজনপ্রীতি চলবে না :  প্রতিমন্ত্রী

তৃণমূল পর্যায় থেকে দেশের দক্ষ ক্রীড়াবিদদের খুঁজে বের করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামক এই মেগা প্রকল্পের যাত্রা শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র আড়াই মাসের মাথায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই বিশাল ক্রীড়া কর্মযজ্ঞের আয়োজন করেছে।

গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিভা অন্বেষণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির স্থান হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। নিজে একজন খেলোয়াড় হিসেবে এই প্রক্রিয়ার ওপর তীক্ষè নজর রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘যাদেরকে বাছাই করা হচ্ছে, তারা আসলেও প্রতিভাবান কি না, তা আমি নিজে সরাসরি তদারকি করব। এখানে স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই।’

মোট আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। ১২ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন খুদে অ্যাথলেট নিবন্ধন করেছেন।