পাকিস্তান সুপার লিগের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তার দল পেশোয়ার জালমি পৌঁছে গেছে পিএসএলের ফাইনালে। ৩ মে’র ফাইনালে নাহিদকে অংশগ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সামগ্রিক পর্যালোচনা শেষে বিসিবি নাহিদ রানাকে তার ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ মে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তিনি অংশ নিতে পারবেন।
একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়ের ক্যারিয়ারের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, দলের ম্যানেজমেন্ট এবং বিসিবি মেডিকেল টিম তাকে সবুজ সংকেত দিয়েছে। তারা নিশ্চিত করেছে যে, এই ম্যাচে অংশ নিলে তার শারীরিক অবস্থা (ফিটনেস), কাজের চাপ (ওয়ার্কলোড ম্যানেজমেন্ট) বা জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আগামী ৮ মে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য নাহিদ রানা যথাসময়ে নির্বাচনের জন্য বিবেচনায় থাকবেন।’
নাহিদ রানার ওয়ানডে সিরিজের পর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা থাকলেও পাকিস্তান সিরিজের প্রস্তুতিপর্ব শুরুর আগে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিতের জন্য তার অনাপত্তিপত্র প্রত্যাহার করেছিল বিসিবি।