ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৬-২৭) দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। আজ বৃহস্পতিবার একই সময়ে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ হবে। আগামীকাল শুক্রবার ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭২৭ জন।
এবারের নির্বাচনে সম্পাদকীয় পদে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদের অনুকূলে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন বিভিন্ন পদে আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে আওয়ামীপন্থি আইনজীবীদের কোনো প্যানেল বা প্রার্থী নেই।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল। জামায়াত ও সমমনা সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল। এ ছাড়া সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেবসহ বিভিন্ন পদে ৬ স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন।