প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৫৮ এএম

রাজধানীর বাইরে প্রথমবারের মতো আগামী রবিবার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন হতে যাচ্ছে কিশোরগঞ্জে। আর প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম কিশোরগঞ্জে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এদিন জেলার তিন উপজেলা, কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় থাকছে নানা কর্মসূচি।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে পাকুন্দিয়ায় পুরনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন এবং সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ। এর বাইরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এই সফরের মাধ্যমে ১৭ বছর উন্নয়নবঞ্চিত কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা বাস্তবায়নে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা ইতিমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছেন।

গতকাল বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, জেলা শহর ও কটিয়াদীর রাস্তাঘাট সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউজ সাজিয়ে দৃষ্টিনন্দন ও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ জেলা সফরের সূচিতে জানানো হয়েছে, তিনি রবিবার সড়ক পথে কিশোরগঞ্জ আসবেন। বেলা সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের পর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বেলা আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত শোলাকিয়া মাঠ ও আশ-পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিকেল ৪টায় জেলা শহরের পুরনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত