বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সরকারি সিদ্ধান্ত এখন আদালতের কাঠগড়ায়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এই পদক্ষেপের কার্যক্রম স্থগিত চেয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এই আবেদনটি করেন।
রিট আবেদনকারীদের দাবি, বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। অ্যাডহক কমিটি গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী মো. গোলাম কিবরিয়া জানান, ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে (যেমন পর্ষদ দায়িত্ব পালনে অসমর্থ হলে) অ্যাডহক কমিটি করা যায়। কিন্তু আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচিত পর্ষদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে এই কমিটি ভেঙে দেওয়া আইনসম্মত নয়।
রিট আবেদনে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। মামলায় যুব ও ক্রীড়া সচিব, এনএসসি চেয়ারম্যান এবং অ্যাডহক কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে।
গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের এই নতুন কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। কমিটিতে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। কমিটির ১১ জনের মধ্যে চারজনই বর্তমান সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ স্বজন:
-
রাশনা ইমাম: সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী।
-
মির্জা ইয়াসির আব্বাস: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে।
-
সাঈদ ইব্রাহিম আহমদ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে।
-
ইসরাফিল খসরু: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে।
বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং এক্মি ল্যাবরেটরিজের পরিচালক ফাহিম সিনহা। ফাহিম সিনহা এর আগে নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ এবং আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।