দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫১ জন এবং হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। সরকারি হিসাবে গত ৪৭ দিনে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। হামে মৃত্যু হয়েছে ৪৯ শিশুর। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৬ জনে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর হাম-সংক্রান্ত পরিস্থিতির নিয়মিত তথ্য দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৩৭ হাজার ১৩১ জনের শরীরে। এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৫৮ জন। হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ২৮ জনের। এ ছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৭৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ঢাকার অপরজন সিলেট বিভাগের বাসিন্দা। অধিদপ্তরের পাঠানো তথ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, দেশে হামে মৃত্যু ও শনাক্ত সবচেয়ে বেশি ঢাকায়। গত ২৪ ঘণ্টায় ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ রোগী ঢাকা বিভাগে; ৫৫৮ জন। এর মধ্যে ৬২ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১৭৪ জনের মধ্যে ৯ জন, রাজশাহী বিভাগে ১৭১ জনের মধ্যে আটজন, সিলেটে ৪৬ জনের মধ্যে তিনজন এবং খুলনা বিভাগে ৮৩ জনের মধ্যে নিশ্চিত হামের রোগী রয়েছে দুজন। এ ছাড়া বরিশালে ৮৬ জন, ময়মনসিংহে ২০ জন এবং রংপুরে ১৩ জনের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গের পাওয়া গেলেও নিশ্চিত হামের কোনো রোগী পাওয়া যায়নি।