গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর (এমপি) বলেছেন, পবিত্র কুরআনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করাই একজন মুসলমানের প্রধান দায়িত্ব। কুরআনের শিক্ষা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই তা অনুসরণ করা প্রয়োজন। তিনি গতকাল শুক্রবার (১ মে) রাতে ঐতিহাসিক ভাণ্ডরিয়া বন্দরের তাফসির ময়দানে ১০ দিনব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আখেরী মোনাজাতের পূর্বে এ কথা বলেন।

আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে এ মাহফিল মঞ্চে আরও বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্সের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন এবং সদস্য সচিব জুলফিকার আমিন। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক সদর চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুব দলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার প্রমূখ।   

এ সময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সমাজে ব্যস্ততার কারণে অনেকেই নামাজের মতো ফরজ ইবাদতকে অবহেলা করছেন। অথচ নামাজ একজন মুসলমানের ঈমানের ভিত্তি। নামাজ থেকে দূরে সরে গেলে মানুষের ঈমান দুর্বল হয়ে পড়ে এবং নৈতিক অবক্ষয় দেখা দেয়। তিনি সবাইকে নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন,আল্লাহর বিধান মেনে চলা প্রতিটি মুসলমানের কর্তব্য। মানুষ যখন এ পথ থেকে বিচ্যুত হয়, তখন আলেম-ওলামারা ওয়াজ, নসিহত ও তাফসিরের মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এ ধরনের মাহফিল সমাজে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।