ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ২০ জন আহতের ঘটনায় গণপিটুনিতে চালক নিহত হন। গত শুক্রবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে একটি ট্রাক অত্যন্ত দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে আসছিল। ট্রাকটির অস্বাভাবিক গতি দেখে এলাকাবাসী সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালককে ধরে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। একই সঙ্গে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে ভাঙচুর চালান। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের দাবি, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ধাক্কায় ২০ জনের মতো পথচারী আহত হয়েছেন। পরে বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি।’